ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছায় দুর্নীতির তথ্য স্বীকার করে জরিমানার বিনিময়ে শাস্তি মওকুফ করার বিধান রেখে সোমবার 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' এর গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
উপদেষ্টা পরিষদ ও রাষ্ট্রপতির অনুমোদন শেষে গেজেটটি প্রকাশ করা হয়।
এ অধ্যাদেশের অধীনে 'সত্য ও জবাবদিহিতা কমিশন' নামে একটি তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হবে। এই কমিশনের মেয়াদ হবে ৫ মাস। সদস্যদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য থাকবেন। কমিশনের কার্যালয় থাকবে ঢাকায়।
মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো বিষয় অনিস্পন্ন থাকলে তার নিষ্পত্তি পর্যন্ত কমিশন দায়িত্ব পালন করবে।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক, মেজর জেনারেল অথবা তদুর্ধ্ব পদ-মর্যাদার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং সরকারের সচিব পদে বা সমমর্যাদার পদে কর্মরত ছিলেন এমন অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা এবং ব্যবসা, চাকরি বা অন্য কোনো পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন প্রথিতযশা ব্যক্তি এ কমিশনের সদস্য হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা সদস্য, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক অথবা মহা-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা; বাংলাদেশের নাগরিক নন এমন কেউ; দুর্নীতিপরায়ণ, বাহাত্তর বছরের বেশি বয়স্ক ব্যক্তি, নৈতিকস্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি; রাজনৈতিক দলের সদস্য, আদালতে দেউলিয়া ঘোষিত ব্যক্তি অথবা শারীরিক বা মানসিকভাবে বিকল কোনো ব্যক্তি ওই পদে নিয়োগের যোগ্য হবেন না।
তবে কমপক্ষে ১০ বছর আগে রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করেছেন এমন ব্যক্তির ক্ষেত্রে ওই পদে নিয়োগ পেতে কোনো বাধা নেই।
কমিশন গঠনের উদ্দেশ্য সম্পর্কে অধ্যাদেশে বলা হয়, "দুর্র্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা ত্বরান্বিত করতে দ্রুত নিষ্পত্তিসহ অনুকম্পা লাভের জন্য দুর্নীতি বা দুর্নীতিমূলক কাজের ব্যাপারে স্বপ্রণোদিত তথ্য প্রকাশে উৎসাহ দেয়া, বিচার কার্যক্রম ও অপরাধ প্রমাণের ভার লাঘব করে অর্থনীতি ও শিল্পের অগ্রগতি জন্য জাতির সময়, শক্তি ও সম্পদ অক্ষুন্ন রাখার লক্ষ্যে এ কমিশন গঠণের উদ্যোগ নেয়া হয়েছে।"
এতে আরো বলা হয়, "দুর্নীতি দমন কমিশন বা উপযুক্ত এখতিয়ার সম্পন্ন কোনো আদালত থেকে কোনো ব্যক্তিকে কমিশনের কাছে পাঠানো হলে পাঠানোর দিন থেকে ১৫ দিনের মধ্যে ওই ব্যক্তি স্বেচ্ছায় তথ্য প্রকাশ করতে পারবেন।"
কমিশন ওই তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদ রাষ্ট্রের কোষাগারে ফেরত দেয়ার শর্তে ওই ব্যক্তিকে শাস্তি থেকে মুক্তি দিতে পারবেন। এক্ষেত্রে কমিশন ওই পরিমাণ অর্থ বা সম্পদ জব্দ, বাজেয়াপ্ত, অপসারণ করার আদেশও দিতে পারবে।
কমিশনে তথ্য প্রকাশ করে দণ্ড মওকুফের সুবিধা নেয়া কোনো ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এসব ব্যক্তি দণ্ড মওকুফের সুবিধা নেয়ার আগে কোনো পদে নির্বাচিত হলে সেসব পদেও থাকতে পারবেন না। এজন্য কমিশনের আদেশের একটি কপি নির্বাচন কমিশনকেও পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24