পঞ্চগড়, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোয়ারী উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার এই রায় দেন।
একইসঙ্গে দণ্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মো. ফজলুর রহমান। তার বাড়ী আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় মোড়লপাড়া গ্রামে।
মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- খলিলুর রহমান, রফিজল ইসলাম, দুলাল হোসেন, জাহেদুল ইসলাম, মকবুল হোসেন ও মায়ফুন বেগম।
২০০৪ সালের ৪ মে আটোয়ারী উপজেলার কাঠালী গ্রামের আজিজুর রহমানের মেয়ে দুলালী বেগমকে (২০) যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী ফজলুর রহমান।
এ ঘটনায় ৫ মে আজিজুর রহমান সাতজনকে আসামি করে অটোয়ারী থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগ করা হয়েছিল, ফজলুর রহমানের সঙ্গে দুলালীর বিয়ে হয় ওই বছরই। বিয়ের সময় ২৯ হাজার টাকা যৌতুক দেওয়ার প্রতিশ্র"তি দিলেও দুলালীর বাবা ২৪ হাজার টাকা দিতে সক্ষম হন। বাকী ৫ হাজার টাকার জন্য ফজলু বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন এবং এক পর্যায়ে তাকে হত্যা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১০ ঘ.
bdnews24