ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। এ খাতে ১২ হাজার ২৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা বাজেটে মোট বরাদ্দের ১২ শতাংশের বেশি।
অর্থ উপদেষ্টা সোমবার এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৭০০ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ২৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬২ কোটি টাকা।
গত অর্থবছরের বাজেটে এ খাতে প্রস্তাব করা হয়েছিল ১২ হাজার ৩৭০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১১ হাজার ৬৫৪ কোটি টাকা নির্ধারণ করা হয়। এ হিসেবে চলতি বছর এ খাতে বরাদ্দের পরিমাণ গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জেকে/এমএইচবি/১৮৪০ ঘ.
bdnews24