ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হারুন হাবীবকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাসসের আপিল আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকলো। হাইকোর্ট গত বছরের ২০ আগস্ট দেওয়া রায়ে হারুন হাবীবের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে বাসসে তার মূল চাকরি বিশেষ সংবাদদাতা পদে পুনর্বহালের নির্দেশ দেয়। পাশাপাশি ৬০ দিনের মধ্যে তার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে বাসসকে বলেছিল হাইকোর্ট।
তবে চাকরির বয়স পেরিয়ে যাওয়ায় হারুন হাবীব পুনর্বহাল না হলেও আগের বেতন-ভাতা পাবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাসসের দায়ের করা আপিল খারিজ করে দেন।
হারুন হাবীবের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাসস সুপ্রিম কোর্টে আপিল করলে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে দেওয়া হয়।
উভয় পক্ষের শুনানি শেষে সোমবার আপিল বিভাগ বাসসের আবেদন খারিজ করার পাশাপাশি হাইকোর্টের রায় স্থগিতের আদেশও প্রত্যাহার করে নিয়েছে।
হারুন হাবীবের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। বাসসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
এই রায়ের ফলে হারুন হাবীব তার বকেয়া বেতন-ভাতা পাবেন বলে তার অপর কৌঁসুলী ব্যারিস্টার তানিয়া আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, "তবে হারুন হাবীবের চাকরির বয়স শেষ হওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসরে গেছেন। তাকে বাসসে বসতে না দেওয়ার জন্যই বাসস দেরি করে আপিলটির শুনানি করেছে।"
সুপ্রিম কোর্টের রায়ের পর হারুন হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিকতা পেশার লোক হওয়ার কারণে আমি অবৈধ হয়রানির শিকার হয়েছি। দীর্ঘ সাত বছর লড়াই করে এই জয় পেয়েছি। আদালতের নির্দেশ মেনে বাসস অবিলম্বে^ আমার বেতন-ভাতা পরিশোধ করবে বলে আশা করছি।"
২০০১ সালের ৩১ অক্টোবর বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে হারুন হাবীবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এর পরে ২০০২ সালের ১১ জুলাই তাকে বাসসের বিশেষ সংবাদদাতা পদ থেকে চাকরিচ্যুত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24