রাজশাহী, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' শ্লোগানে পঞ্চগড় থেকে শুরু হওয়া রোড শো'র গাড়িবহর রোববার বিকেলে রাজশাহীতে পৌঁছেছে।
রোড শো উপলক্ষে সোমবার নগরীর মাদ্রাসা মাঠে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা।
বিকেল সোয়া তিনটার দিকে গাড়িবহর রাজশাহীর তালাইমারীতে পৌঁছায়। এ সময় নগরীর ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, জেলা প্রশাসক খলিলুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ব্যারিস্টার জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সত্যেন্দ্র কুমার সরকার, জেলা শিক্ষা অফিসার সাধন কুমার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানায়।
পরে একটি শোভাযাত্রা নগরীর সাহেব বাজার ও লক্ষীপুর মোড় প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
ভাতের বিকল্প খাদ্য হিসেবে আলু খাওয়া, দুর্নীতি প্রতিরোধসহ ৬টি বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে গত ৩০ মে শুরু হয়েছে এই রোড শো। ওই দিন রোড শো'র গাড়িবহর ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যায়। পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, বগুড়ার পর গাড়িবহর রাজশাহীতে এসেছে।
গাড়ি বহরটি ৫০ দিনে দেশের ৫৫টি জেলা অতিক্রম করবে। এর মধ্যে ২৫টি জেলাতে গাড়ি থামবে এবং সেখানে মেলার আয়োজন করা হবে। কক্সবাজারের টেকনাফ হয়ে গাড়ি বহর ১৪ জুলাই আবার ঢাকায় ফিরবে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24