ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১/১১ এর ঘটনাপ্রবাহের পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বদলি করা হয়েছে।
১১ জানুয়ারির পর গঠিত গুরুতর অপরাধ দমন বিষয়ক জাতীয় কমিটির (টাস্কফোর্স) প্রধান সমন্বয়কের দায়িত্ব পাওয়া এই সেনা কর্মকর্তাকে রোববার বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এ সংক্রান্ত সরকারি ঘোষণায় বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশে স্বাক্ষর করেছেন।
এর আগে গত সোমবার লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বদলি করে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়েছিল।
লেফটেন্যান্ট জেনারেল মাসুদ রক্ষীবাহিনী থেকে সেনাবাহিনীতে আসেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সে সময়কার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরিচালক হন। এরপর তাকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
১৯৭৫ সালের ১ মে রক্ষীবাহিনীর ৬ষ্ঠ ব্যাচে কমিশনপ্রাপ্ত হন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা।
২০০৭ সালের ১১ জানুয়ারি মেজর জেনারেল মাসুদ নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এবং মনে করা হয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার পেছনে তার বড় ধরনের ভূমিকা ছিল।
গত বছরই আরো দুই সেনা কর্মকর্তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান মাসুদ উদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচডি/এসএনডি/এমএইচবি/১৮৫০ ঘ.
bdnews24