২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে নাইকো মামলার পরবর্তী শুনানি ১২ জুন

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুন। রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুন। রোববার এ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়াসহ আট আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রমের শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলা স্থগিত রাখার আবেদন জানান। অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান আদালতে বলেন, "বিশেষ আদালতে নাইকো সংক্রান্ত দু'টি মামলার কার্যক্রম শুরু হয়েছে। দুটি মামলাই একই রকম এবং একটির সঙ্গে অপরটির ধারাবাহিক সম্পর্ক রয়েছে। তাই অপর মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর একটি মামলা রয়েছে। খালেদার আইনজীবীদের বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, "নাইকো সংক্রান্ত দুটি মামলার নথি ও আলামত ভিন্ন। অভিযোগও ভিন্ন। তাই এটা স্থগিত হতে পারে না।" পরে বিচারক আগামী ১২ জুন মামলাটির অভিযোগ গঠনের আগে আসামি পক্ষের আবেদনের শুনানি করবেন বলে জানান। রোববার আদালতের অনুমতি নিয়ে আইনজীবীদের সঙ্গে ৪০ মিনিট কথা বলেন খালেদা জিয়া। আদালতের কার্যক্রম শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, তার বিরুদ্ধে এ মামলা মিথ্যা ও হয়রানিমূলক। 'ন্যায় বিচারের স্বার্থে' উন্মুক্ত আদালতে বিচারের দাবিও জানান তিনি। চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর যে আলোচনা চলছে, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারপারসন বলেন, "আমি দেশেই থাকব। চিকিৎসা করাতে হলে দেশেই করাব।" এর আগে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ আদালতে বলেন, "আমরা এ মামলায় সম্পূর্ণ নির্দোষ। আমরা আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছি মাত্র।" রোববার আদালতে হাজির করা অপর আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া। মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন। সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে ক্রিম রঙের একটি পাজেরো গাড়িতে করে খালেদা জিয়াকে সকালে আদালতে আনা হয়। তার পরনে ছিল ক্রিম রঙের শাড়ি। অপর আসামিদের আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। শুনানি শেষে দুপুর দেড়টার দিকে তাদের সবাইকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও ছিলেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত মামলা দুটি গত ২৬ মে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে ওঠে। সেদিন শেখ হাসিনাকে হাজির করা হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। এরপর এ মামলায় গত ১ জুন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারের নয় মাস পর সেটাই ছিল খালেদা জিয়ার প্রথম আদালতে আসা। খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে। এর পাশের আরেকটি বিশেষ কারাগারে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৬ ঘ.