২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত

রায়গঞ্জ উপজেলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঘুরকা এলাকায় শনিবার সন্ধ্যায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের সবাই বাসযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

সিরাজগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়গঞ্জ উপজেলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঘুরকা এলাকায় শনিবার সন্ধ্যায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের সবাই বাসযাত্রী। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার ভায়েরহাট গ্রামের ফরহাদ হোসেন (৩৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের ঘুরকা এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী মোল্লা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে। এছাড়া নিহতদের লাশ পাঠানো হয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে। ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের চালক এবং তাদের সহকারীরা পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৪ ঘ.