ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষির উন্নয়নে প্রায় ১২৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখে আগামী ২০০৮-০৯ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়।
মোট ২৫ হাজার ৬০০ কোটি টাকার এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান ও পানিসম্পদ খাতে। এ খাতগুলোতে মোট ৬ হাজার ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপি'র প্রায় ২৪ শতাংশ।
এর পরে বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে ৪ হাজার ৩১০ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপি'র ১৬ দশমিক ৮৪ শতাংশ। শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৫১৯ কোটি ২ লাখ টাকা (মোট এডিপি'র ১৩ দশমিক ৭৫ শতাংশ)।
এছাড়া, পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ হাজার ৪৫০ কোটি ৩০ লাখ টাকা (মোট এডিপি'র ১৩ দশমিক ৪৮ শতাংশ)।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, নতুন এডিপিতে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ ১১ হাজার ১০ কোটি টাকা (৪৩ শতাংশ) ও বৈদেশিক সম্পদের পরিমাণ ১৪ হাজার ৫৯০ কোটি টাকা (৫৭ শতাংশ)। এডিপির মোট আকারের মধ্যে স্থানীয় মুদ্রার পরিমাণ ধরা হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা (৫৩ শতাংশ)। আর প্রকল্প সাহায্যের পরিমাণ ১২ হাজার কোটি টাকা (৪৭ শতাংশ)।
নতুন এডিপি চলতি ২০০৭-০৮ অর্থবছরের মূল এডিপি'র থেকে ৯০০ কোটি টাকা কম (৩ দশমিক ৪ শতাংশ) এবং সংশোধিত এডিপি'র চেয়ে ৩ হাজার ১০০ কোটি টাকা (১৪ শতাংশ) বেশি।
চলতি অর্থবছরের মূল এডিপি'র আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রার পরিমাণ ১৬ হাজার ৭০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৯ হাজার ৮০০ কোটি টাকা।
তবে গত ২৪ মার্চ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এসইসি'র সভায় তা কাটছাঁট করে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রার পরিমাণ ১৩ হাজার ৬০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৮ হাজার ৯৫০ কোটি টাকা।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আগামী ৯ জুন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, "আগামী এডিপিতে দারিদ্র্য বিমোচনে সহায়ক ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত খাত; বিশেষ করে বেশি উৎপাদনশীল কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও অকৃষি খাতে আত্মকর্মসংস্থান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ, নারী শিশু ও যুব উন্নয়ন, সুশাসনের উন্নতি সাধন, রাস্তাঘাট ও ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।"
পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ২০০৮-০৯ অর্থবছরের এডিপি'র সার-সংক্ষেপ অনুযায়ী, কৃষি খাতের উন্নয়নের জন্য সেখানে ১২২ কোটি ৯৬ লাখ টাকার একটি বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া, ১ হাজার ১৩১ কোটি টাকার আলাদা একটি থোক বরাদ্দ রয়েছে এডিপিতে।
সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, দেশের ৩৯টি জেলার অতি দরিদ্র মানুষের জন্য এবার ৪০ কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, "এবার আমরা বাস্তবায়নযোগ্য ও বাস্তবসম্মত এডিপি অনুমোদন দিয়েছি। গত কয়েক বছরের ইতিহাস ঘেটে দেখা গেছে, সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে ২০০৫-০৬ অর্থবছরে। সে সময় ১৯ হাজার ৪৩৭ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। অন্য সব বছরেই এডিপি বাস্তবায়নের হার ছিল হতাশাজনক।"
স্বাধীনতার পর গত ৩৬টি এডিপি বিশ্লে
bdnews24