ঢাকা, জুন ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মাগুরার শালিকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুক্রবার রাত ও শনিবার ভোরে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাব ও পুলিশ।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রাম থেকে শনিবার ভোরে একটি রিভলভারসহ সাবেক ইউপি সদস্য মনু মিয়াকে (৫০) আটক করেছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে কর্মরত উপ-পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-৯ এর একটি দল ভোর ৪টার দিকে দক্ষিণ পাঁচাউন গ্রামের নিজ বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য মনু মিয়াকে আটক করে। এ সময় তার বিছানার তোশকের নিচ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়।
তিনি জানান, নিজস্ব বাহিনী গড়ে তুলে মির্জাপুর ইউনিয়নে নিরীহ লোকজনের জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবজি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মনু মিয়ার বিরুদ্ধে। তার বাহিনীতে রয়েছে ১২/১৪ জন সদস্য।
মনু মিয়া দুটি খুন, একটি ডাকাতিসহ পাঁচটি মামলার আসামি বলে র্যাব কর্মকর্তা জানান।
তিনি বলেন, আটক মনু মিয়াকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে র্যাব অস্ত্র আইনে মামলা করবে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার শালিখা ও যশোরের বাঘারপাড়া উপজেলার সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার তৈবুর রহমান ওরফে তোতাকে (৪৫) একটি শাটারগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তোতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শালিখা থানার উপ-পরিদর্শক দুলাল চন্দ্র।
তিনি জানান, তোতার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রসহ শালিখা ও বাঘারপাড়া থানায় আটটি মামলা রয়েছে।
দুলাল চন্দ্র বলেন, তোতাকে শনিবার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ভোর রাতে শ্রীফলগাঁতী এলাকা থেকে মো. হেলাল উদ্দিন (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব।
র্যাব ১২ এ কর্মরত মেজর আবু নশর মোহাম্মদ মোস্তফা জানান, হেলালের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি শ্রীফলগাঁতির আইয়ুব আলীর ছেলে।
এছাড়া, শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন এলাকা থেকে মো. ভুট্টুকে (৩৪) একটি পাইপগানসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ এ কর্মরত সহকারী পুলিশ সুপার শহিদ উল্লাহ বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ভুট্টুকে সলপ রেল স্টেশন এলাকা আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে একটি কাঠের বাটযুক্ত দেশি পাইপগান উদ্ধার করা হয়।
তিনি জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ছেলে ভুট্টুর বিরুদ্ধে হত্যা, অস্ত্রবাজী, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৩৬ ঘ.
bdnews24