ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এদিকে নরসিংদীতে ডাকাতের অস্ত্রাঘাতে মারা গেছে এক গৃহবধূ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের আটরাভারসা গ্রামে ডাকাতি করতে গিয়ে দুই জন গণপিটুনিতে নিহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, রাত ২টার দিকে গ্রামের হাছেন মাতুব্বরের বাড়িতে ৮/১০ জন ডাকাত হানা দেয়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গৃহকর্তাকে আহত করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এস্কেন্দার খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতদের দুই জনকে গ্রামবাসী ধাওয়া করে ধরে ব্যাপক মারধর করে। এতে তারা ঘটনাস্থলেই মারা যায়।"
ডাকাতের হামলায় আহত হাছেন মাতুব্বরকে ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় দুটি মামলা হবে। একটি ডাকাতির এবং অপরটি হত্যার।
নরসিংদী প্রতিনিধি জানান, বেলাব উপজেলায় বৃহস্পতিবার রাতে ডাকাতরা এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে।
গ্রামবাসী জানায়, বেলাব উপজেলার সররাবাদ গ্রামে রিপন মিয়ার বাড়িতে রাত ২টার দিকে হানা দেয় ডাকাত দল। তারা রিপনকে বেঁধে ফেলে। কিন্তু রিপনের স্ত্রী বিউটি বেগম (২২) ডাকাতদের বাধা দিতে গেলে তারা বিউটিকে এলোপাতাড়ি কোপায়। এতে বিউটি ঘটনাস্থলেই মারা যায়।
ডাকাতিতে জড়িত সন্দেহে দেলোয়ার হোসেন দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেলাব থানা পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে নরসিংদী সদর উপজেলার বাখরনগর গ্রাম সংলগ্ন মেঘনায় একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নৌকার মাঝি আব্দুর রউফ সাংবাদিকদের জানান, নৌকাটি স্থানীয় বাশগাড়ী বাজার থেকে যাত্রী নিয়ে সলিমগঞ্জ যাওয়ার পথে অপর একটি নৌকা থেকে গুলি ছুড়ে তার নৌকার গতিরোধ করা হয়। পরে ওই নৌকা থেকে এক দল ডাকাত এসে লুটপাট চালিয়ে চলে যায়।
ডাকাতের হামলায় অন্তত ১৪ জন কম-বেশি আহত হয়েছে বলে রউফ মাঝি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৭ ঘ.
bdnews24