২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবল কাটা পড়ায় বৃহত্তর রংপুরের আট জেলায় টেলিটক নেটওয়ার্কে বিঘ্ন

অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ায় রংপুর ও দিনাজপুর অঞ্চলের ৮ জেলায় বৃহস্পতিবার দিনভর রাষ্টায়ত্ত মোবাইল ফোন টেলিটকের নেটওয়ার্ক ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রংপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ায় রংপুর ও দিনাজপুর অঞ্চলের ৮ জেলায় বৃহস্পতিবার দিনভর রাষ্টায়ত্ত মোবাইল ফোন টেলিটকের নেটওয়ার্ক ছিল না। রংপুরের সঙ্গে দিনাজপুরের ল্যান্ডফোন সংযোগেও ব্যাঘাত ঘটেছে। এতে বিড়ম্বনায় পড়েন হাজার হাজার গ্রাহক। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মধ্যে ক্যাবল লাইন মেরামত করার পর নেটওয়ার্ক আবার স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডর (বিটিটিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম সরওয়ার জানান, বুধবার রাতের কোন এক সময় রংপুর সদর উপজেলায় দিনাজপুর মহাসড়কের জাফরগঞ্জ ব্রিজের উপর দিয়ে যাওয়া লাইনের প্রায় ৬০ মিটার ক্যাবল দুর্বত্তরা কেটে নিয়ে গেছে। এর ফলে এই অঞ্চলের ৮ জেলায় টেলিটকের প্রায় এক লাখ গ্রাহক বিড়ম্বনার শিকার হন বলে তিনি জানান। তিনি দাবি করেন, দুর্বত্তদের এই অপকর্ম নাশকতামূলক। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী ক্যাবল লাইন কেটে নেওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বিটিটিবি'র পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করা হয়নি । প্রকৌশলী গোলাম সরওয়ার আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইনটি মেরামত করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে বিকেল সাড়ে ৫টা নাগাদ একটি অংশ এবং সন্ধ্যা ৭টার দিকে অপর একটি অংশের মেরামত শেষ হওয়ার পর নেটওয়ার্ক আবার স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.