ফরিদপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চণ্ডীপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বাসুখালি গ্রামের জীবন মণ্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডল (২৩)। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামের সমীর কুমার সাহা (৪০)। প্রাইভেটকার চালক বরিশালের আগৈলঝড়ার আরিফ শেখ (২৫)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, এদের সবাই প্রাইভেট কারের যাত্রী। ঢাকার যাওয়ার জন্য তারা সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড় থেকে প্রাইভেটকারে উঠেছিলেন।
গুরুতর আহত প্রাইভেট কার যাত্রী টিপু সুলতানকে (৩০) ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে খুলনাগামী সাউদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-ব-১১-০২৩৮) সকাল সোয়া নয়টার দিকে চণ্ডীপুরে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-১৩-৭০৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুজন ঘটনাস্থলে এবং অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে ও ভর্তির পর মারা যান।
তিনি জানান, বাস চালক পলাতক।
প্রাইভেট কার ও বাস আটক করা হয়েছে। নিহত সমীর সাহার ভাই সুজিত সাহা থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৫ঘ.
bdnews24