২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় হাসিনার জামিন আবেদন নাকচ

নাইকো দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ আদেশ দেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2008, 04:17 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ আদেশ দেন। এ মামলার আরেক আসামি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের জামিন আবেদনও নাকচ করে দিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকাল ১০টায় বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রফিকুল ইসলাম ও মামলার অপর আসামি সাবেক জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন। এদিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্যও দিন ধার্য ছিল। তবে শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১০ জুন দিন ধার্য করেন। গত ১ জুন এ মামলায় জামিন চেয়ে হাসিনার করা আবেদন নাকচ করে দিয়ে বিচারক বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালায় অভিযুক্তের জামিন দেওয়ার সুযোগ নেই। তাছাড়া এই বিধিমালায় অভিযুক্তকে জামিন না দেওয়ার ব্যাপারে সিনিয়র বিশেষ জজ আদালতের নির্দেশনাও রয়েছে। এ অবস্থায় শেখ হাসিনার জামিন আবেদন সরাসরি নাচক করা হলো।" একই যুক্তিতে অধ্যাপক রফিকুল ইসলামের জামিন আবেদনও নাকচ করে দেন বিচারক। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয় গত ৭ মে। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। মামলার বাকি আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭৫২ ঘ.