ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী সম্মেলন সংস্থায় (ওআইসি) যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সাদা কাম্বার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ও বিভিন্ন দেশের মুসলমানদের সম্মান ও মর্যাদা দেবে তার দেশ।
যুক্তরাষ্ট্র-ওআইসি সম্পর্ক নিয়ে বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিইআই সভাপতি ফারুক সোবহান। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও বৈঠকে উপস্থিত ছিলেন।
সাদা কাম্বার বলেন, "যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশীদের সমস্যার বিষয় নিয়ে আমার দেশের 'স্বরাষ্ট্র নিরাপত্তা কর্তৃপক্ষের' সঙ্গে ইতোমধ্যে আমি আলোচনা করেছি। অনেক তরুণ দম্পতি যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য কিন্তু কোনো সংস্থা থেকে নিশ্চয়তা পাওয়ার ওপর তাদের বিষয়টি আটকে রয়েছে; এসব বিষয় নিয়েও আমি আলোচনা করব।"
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলীম বিশ্বের সংঘাতের কারণ অজ্ঞতা। এটা সভ্যতার সংঘাত নয়।
যুক্তরাষ্ট্রের মুসলমানদের সমস্যা সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী বুধবার টেক্সাসের হিউস্টনে ভাষণ দেবেন বলেও জানান তিনি।
পাকিস্তানি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক সাদা কাম্বার দেশটির প্রথম বিশেষ প্রতিনিধি হিসেবে ওআইসিতে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের ৩ মার্চ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
ওআইসিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব প্রসঙ্গে সাদা কাম্বার জানান, যুক্তরাষ্ট্রে ৮০টি দেশের ৫০ লাখ মুসলমান বাস করেন। তারা ওআইসিতে নিজেদের একজন প্রতিনিধি চেয়েছিলেন।
কাম্বার বলেন, আর তার কার্যালয় যুক্তরাষ্ট্র সরকারের আর কোনো সংস্থার সঙ্গে যুক্ত নয়, পুরোপুরি স্বাধীন এবং তিনি শুধু প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছেই জবাবদিহি করেন।
এর আগে বিকেলে পররাষ্ট্র সচিব তৌহিদ হেসেনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন সাদা কাম্বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এএল/এমএইচবি/২২১৭ ঘ.
bdnews24