নওগাঁ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মান্দা উপজেলার মদনচক গ্রামে মঙ্গলবার রাতে এক বাড়ি থেকে ডাকাতরা স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। তারা লোহার রড দিয়ে পিটিয়ে ১৪ জনকে আহত করে।
আহতদের মধ্যে আছেন- গৃহকর্তা আফজাল হোসেন বাঘা (৫৫), তার স্ত্রী আসমা বিবি (৪০), ছেলে দেলোয়ার হোসেন (২৫), মেয়ে শাহিনা (২০), মোশারফ হোসেন (৪০), মোজাফফর হোসেন (৩৫), জয়নাল (৩০), বেলাল (২৫) ও আব্দুল মতিন (৩২)। তাদের মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জিয়া জানান, মঙ্গলবার রাত ২টার দিকে মদনচক গ্রামের ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়ির দরজা ভেঙে ৩০/৩৫ জন সশস্ত্র ডাকাত ঢোকে। তারা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৮ ঘ.
bdnews24