ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বুধবার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর শিয়া মসজিদ তাজমহল রোডের গলিতে দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিতে গুরুতর আহত মাংস বিক্রেতা মনসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনসুর স্থানীয় একটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে তাজমহল রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিএনজি অটোরিক্সায় চড়ে চার ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। তারা মনসুরকে সিএনজিতে উঠানোর চেষ্টা চালায়।
গোলাম মোস্তফা বলেন, বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা মনসুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। মনসুরের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে দ্রুত পালাতে গিয়ে তাদের সিএনজিটি উল্টে যায়।
লোকজন তখন আনোয়ার, সেলিম ঢালি ও জহির নামে তিনজনকে গণধোলাই দেয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আনোয়ার সিএনজি চালক। তাদের কাছ থেকে পাঁচটি বোমা, দুটি চাকু উদ্ধার করা হয়েছে। আরেক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জানান, গুরুতর আহত মনসুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বাসা মোহাম্মদপুর থানা এলাকার চানমিয়া হাউজিং- এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৮ ঘ.
bdnews24