ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- আদালতে মামলা পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সরকারের পক্ষে দায়িত্ব পালনের জন্য কৌসুলি নিয়োগ ও পদোন্নতি এবং তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার অ্যাটর্নি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে।
মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০০৮ এর বিধান অনুযায়ী সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধিদপ্তরটি প্রতিষ্ঠা করা হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইসরাইল হোসেনকে অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৮ মে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ প্রণীত হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২২১৮ ঘ.
bdnews24