২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের লালপুর ইউএনও'র বিরুদ্ধে মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় 'মারপিট ও শ্লীলতাহানির' অভিযোগে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ডি এম আতিকুর রহমানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

নাটোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় 'মারপিট ও শ্লীলতাহানির' অভিযোগে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ডি এম আতিকুর রহমানসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। লালপুর কলোনির বাসিন্দা সুফিয়া বেগম সোমবার নাটোরের বিচারিক হাকিম তারেক মোর্শেদের আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- সহকারী ভূমি কর্মকর্তা বেলাল হোসেন ও লালপুরের ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা। মামলার বিবরণে জানা যায়, গত শনিবার লালপুরের ইউএনও সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ডি এম আতিকুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা বেলাল হোসেন ও লালপুর ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা লালপুর কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। এ সময় আসামিদের নির্দেশে উচ্ছেদ কর্মীরা বাদী ও তার পরিবারের সদস্যদের 'মারপিট ও শ্লীলতাহানি' করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত থেকে মামলার নথি এখনও থানায় আসেনি। নথি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে গত শনিবার সহকারী ভূমি কর্মকর্তা বেলাল হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। এতে নাম প্রকাশ না করে কলোনির ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১৫ ঘ.