ঢাকা জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সোমবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আট হাজার ৩২৫ জন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতেই অভিযান শুরু হয়েছে। রাজনৈতিকভাবে কাউকে হেয় করা এর উদ্দেশ্য নয়।
পুলিশ সদরদপ্তরে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি সব সময় একভাবে চলে না। কখনো অবনতি হয়। আর এ কারণেই এই সন্ত্রাস দমন অভিযান। এক মাস এটি চলবে।"
এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক স্বীকার করেন, কোনো অভিযোগ না থাকলে কাউকে কাউকে জরুরিবিধির ১৬ (২) ধারায় গ্রেপ্তার করা হচ্ছে। এটি মূলত ৫৪ ধারার (সন্দেহজনক) মতো। দেশে বর্তমানে জরুরি অবস্থা থাকায় ১৬(২) ধারা প্রয়োগ করা হচ্ছে।
তবে বিশেষ অভিযানে সংশ্লিষ্টরা ক্ষমতার অপ্রয়োগ করলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গত ২৮ মে থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত আট হাজার ৩২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে নূর মোহাম্মদ বলেন, "সুষ্ঠুভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করাও এ অভিযানের লক্ষ্য।"
অভিযানে যৌথবাহিনীর অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, 'আমরা কোনো সন্ত্রাসী গ্রেপ্তারের অভিযানে সহায়তা চাইলে তারা তা দিয়ে থাকে।"
২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার মামলার তদন্ত সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক বলেন, "কারা সেদিন হামলার করেছিল সেটি এখন পরিষ্কার। ওই ঘটনাকে যারা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা যারা করেছিল মামলা নিষ্পত্তি হওয়ার পর তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ, র্যাব মহাপরিচালক মাহমুদ হাসান খন্দকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/২১১৫ ঘ.
bdnews24