ঢাকা, জুন, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ও মেয়ে ডা. তাসলিমা আহমেদ জামানকে আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
তাদের চার মাসের জন্য জামিন দিয়ে আদালত বলেছে, মামলার তদন্ত প্রতিবেদন এর আগে দাখিল হলে ওই সময় পর্যন্তই জামিন কার্যকর থাকবে।
পাশাপাশি তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও সরকারকে তার কারণ দর্শাতেও বলা হয়েছে।
সোমবার বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।
তোফায়েলের স্ত্রী ও মেয়ের পক্ষে জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ থাকলে তাকে জামিন মঞ্জুর করতে হাইকোর্টের কোন বাধা নেই।
তিনি আরও বলেন, অবৈধ সম্পত্তি অর্জনে সহযোগিতার অভিযোগ আনার আগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। অসৎ উদ্দেশ্যে ও বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। তাই আপিল বিভাগের গত ২৩ এপ্রিলের জামিনসংক্রান্ত রায়ের আলোকে হাইকোর্ট জামিন দিতে পারে।
ব্যারিস্টার আমীর জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ ঘ এর বিধান অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও সন্তানকে আদালত জামিন মঞ্জুর করতে পারবে বলেও উল্লেখ করেন।
জবাবে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি খুরশিদ আলম খান বলেন, এই মামলাটির তদন্ত প্রতিবেদন এখনও দেওয়া হয়নি। তাছাড়া তোফায়েল আহমেদের স্ত্রী ও কন্যাকে গ্রেপ্তারে পুলিশ তার বাসভবনে তল্লাশিও করেনি। তাই তাদের গ্রেপ্তারের আশঙ্কা অযৌক্তিক।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ২৯ মে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রমনা মডেল থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে তোফায়েলের স্ত্রী কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়।
মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৮৬ লাখ ৯ হাজার ২ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24