ঢাকা, জুন, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলা থেকে অব্যাহতির জন্য নিম্ন আদালতে তারেক রহমানের করা আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বলেছে হাইকোর্ট।
একইসঙ্গে নিম্ন আদালতে ওই আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে মামলাটি খারিজে তারেকের আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।
সোমবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই আদেশ দেয়।
গত ২৫ মে তারেক রহমান হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন। পরদিন হাইকোর্টের এই বেঞ্চ ২ জুন পর্যন্ত এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয়।
সোমবার দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি আনিসুল হক হাইকোর্টে বলেন, তারেক রহমান মামলার অভিযোগ থেকে অব্যাহতির জন্য নিম্ন আদালতেও আবেদন করেছেন। তাই হাইকোর্টে মামলা বাতিলের জন্য তার আবেদনটির শুনানি মুলতবি হওয়া প্রয়োজন। আদালত এ সময় নিম্ন আদালতে তারেকের অব্যাহতির আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।
তারেকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
২০০৭ সালের ৪ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শাহ্ আলমসহ ছয় জনের বিরুদ্ধে হত্যার ঘটনা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে রমনা থানায় মামলা করেন দুদকের উপ সহকারী পরিচালক মো. আবুল কাশেম।
গত ৬ মে দুর্নীতি দমন কমিশন এ মামলায় তারেক, লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেয়।
২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হন। ৭ জুলাই গুলশান থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসএনডি/এমএ/১৭২৪ ঘ.
bdnews24