ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস লাইনে লিকেজের কারণেই রাজধানীর নয়াপল্টনের অরচার্ড প্লাজা আবাসিক হোটেলে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করছে পুলিশ ও দমকল বাহিনী। তবে কারণ উদ্ঘাটনে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
রোববার রাতের বিস্ফোরণের পর থেকে পুরো হোটেল বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বোর্ডারদের সরিয়ে নেওয়া হয়েছে অন্য স্থানে। ভবনের দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকটিও বন্ধ রাখা হয়েছে। ভবনটিতে পুলিশ মোতায়েন রয়েছে।
বিস্ফোরণে আহতদের মধ্যে তিন জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্রীলঙ্কার নাগরিক এ আর সামান তিলককে রোববার রাতেই মোহাম্মপুরে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে দেখতে সোমবার হাসপাতালে যান শ্রীলঙ্কার হাই কমিশনার।
অরচার্ড প্লাজায় রোববার রাতে দুই দফা বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়। রাত সোয়া ৯টার দিকে প্রথম বিস্ফোরণে হোটেলে অবস্থান করা শ্রীলঙ্কার নাগরিক সামান তিলক আহত হন। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে রাত সাড়ে ১১টার দিকে। এতে দমকল কর্মী, র্যাব সদস্য, সাংবাদিক ও হোটেল কর্মচারীরা আহত হন।
সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল পুরো হোটেলে তল্লাশি চালায়। ওই সময় সাংবাদিকরাও তাদের সঙ্গে ছিলেন।
১২ তলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ওপরের তলাগুলোতে হোটেল কক্ষ। ভবনের সপ্তম ও অষ্টম তলাই বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে আট তলার ছয়টি কক্ষের সবগুলোরই দেয়াল ভেঙে পড়েছে। সাততলার একটি কক্ষ পুড়ে যায়।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফারুক উল হক সাংবাদিকদের বলেন, "ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণ ঘটে থাকতে পারে। নিশ্চিত করে বলার জন্য আরও অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।"
বিস্ফোরণের কারণ প্রসঙ্গে দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শেখ মোহাম্মদ শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে আমরা মনে করছি, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। কারণ গতকাল (রোববার) আমরা ওখান থেকে গ্যাসের লিকেজ পেয়েছি।"
বিস্ফোরণের পর রোববার রাতে দমকল বাহিনী অরচার্ড প্লাজায় আগুন নেভাতে যায়।
কোনও বিস্ফোরক বা রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটেছে কিনা, জানতে চাইলে শেখ শাহজালাল বলেন, "আমি যতটুকু জেনেছি, আহত ওই শ্রীলঙ্কান নাগরিকের দেহের ৯০ শতাংশই ঝলসে গেছে। গ্যাসের বিস্ফোরণে এটা হতে পারে। অন্য বিস্ফোরণ হলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যেতো।"
তবে এ বিষয়ে স্পষ্ট হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন- মন্তব্য করে দমকল কর্মকর্তা বলেন, "সিআইডি ও এসবি যাদের কাছে বিস্ফোরক পরীক্ষার সরঞ্জাম রয়েছে তারা আরও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত কারণ জানাতে পারবে।"
বিস্ফোরণের কারণ জানা গেছে কি না- জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমদ সাংবাদিকদের বলেন, "বিদ্যুৎ বিভাগ, গ্যাস বিভাগ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনার পরপরই অনুসন্ধান চালায়। তাদের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।"
তবে ঘটনাস্থলে রাসায়নিক পদার্থ অন্য কোনও বিস্ফোরণের আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, ভবনটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করছেন হোটেল অরচার্ড প্লাজার উপ-মহাব্যবস্থাপক শরিফুল ইসলামও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারণা করছি, গ্যাস সরবরাহ লাইনে লিকেজ হওয়ায় বিষ্ফোরণ ঘটে এই দুর্ঘটনা ঘটেছে।"
শরিফুল ইসলাম জানান, হোটেলের বোর্ডারদের আশপাশের হোটেলে নিয়ে রাখা হয়েছে। তবে তাদের কিছু কিছু মালামাল রয়ে গেছে। তা পরে দিয়ে দেওয়া হবে।
বিস্ফোরণে আহত জাফর ইকবাল, মীর হোসেন ও আহসান আহমেদ চৌধুরী মিলন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এলএইচ/এমএআর/এমআই/১৫০০ ঘ.
bdnews24