ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে রোববার রাতে অরচার্ড প্লাজা নামের একটি আবাসিক হোটেলে দু'দফা বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হয়েছে। রাত সোয়া ৯টার দিকে প্রথম বিস্ফোরণে হোটেলে অবস্থান করা শ্রীলঙ্কার এক নাগরিক গুরুতর আহত হয়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে রাত সাড়ে ১১টার দিকে। এতে দমকল কর্মী, র্যাব সদস্য, সাংবাদিক ও হোটেল কর্মচারীরা আহত হন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম মোর্তজা অন্তু জানান, দ্বিতীয় দফার প্রচণ্ড বিস্ফোরণে হোটেলের জানালার কাচ ছিটকে রাস্তার ওপর পড়ে। ওপরের একটি তলায় আগুন জ্বলতে থাকে। হোটেলের ৯ ও ১০ তলায় আটকে পড়া দ্ইু বোর্ডারকে দমকল বাহিনী ক্রেন দিয়ে নামিয়ে আনে।
৭১ নয়াপল্টনে অরচার্ড প্লাজায় দ্বিতীয় দফা বিস্ফোরণের খবর পেয়ে দমকলের কর্মীদের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান।
হোটেলটির পাশের পল্টন সেনাক্যাম্পের মেজর মাহবুব ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এটা সম্ভবত গ্যাস পাইপলাইনের বিস্ফোরণ। সিগারেটের আগুন থেকে থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।"
ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি জানান, বোর্ডাররা তাদের কাছে হোটেলের গ্যাস পাইপ থেকে গ্যাস নির্গত হওয়ার অভিযোগ করেছেন।
হোটেলে অবস্থানকারী সিঙ্গাপুরের নাগরিক কাঠির এহসানকে দমকল কর্মীরা ক্রেন দিয়ে নামিয়ে আনে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি প্রচণ্ড একটি শব্দ শুনি। কী হচ্ছিল বুঝতে পারছিলাম না। দমকল কর্মীদের মইয়ের সাহায্যে দেয়াল বেয়ে ওঠানামা করতে দেখি।"
তিনি জানান, গত ৩১ মে বাংলাদেশ দেখতে এসে তিনি হোটেলটিতে ওঠেন।
দমকল বাহিনীর সদস্যরা পরে হোটেলের ৯৩০ নম্বর কক্ষ থেকে ভারতীয় নাগরিক শ্রীনিবাসনকে উদ্ধার করে।
এর আগে প্রথম দফা বিস্ফোরণে শ্রীলঙ্কার নাগরিক এ আর সামানতিলকের (৪৩) শরীর ঝলসে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গভীর রাতে তাকে মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার দুইহাত, মুখমণ্ডল ও দুই পা ঝলসে গেছে।
পুলিশ জানিয়েছে, সামানতিলক গত ৩০ মে ঢাকায় এসে ওই হোটেলে ওঠেন। একটি বেসরকারি ব্যাংকের নিরীক্ষার কাজে বাংলাদেশে এসেছেন তিনি।
দ্বিতীয় দফা বিস্ফোরণে নিউএজের সিটি এডিটর সাইফুল হুদা, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, এটিএন বাংলার প্রতিবেদক হোসেন জোবাইর ও ক্যামেরামান মাহবুব আলম, র্যাব-৩ এর এসআই শহিদুল হক ও কনস্টেবল ফারুক, দমকলের সহকারী পরিচালক নুরুল হক, উপসহকারী পরিচালক দিলীপ কুমার, সিনিয়র স্টেশন অফিসার মামুন, হোটেলের প্রধান বাবুর্চি জাফর ইকবাল মাহিন, তত্ত্বাবধায়ক আলী আজম, কর্মচারী মীর হোসেন ও মিলনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
এদের মধ্যে হোটেল কর্মচারীরা ছাড়া বাকিরা প্রথম বিস্ফোরণের খবর পেয়ে উদ্ধার অভিযান, কারণ অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণের শিকার হন। এ বিস্ফোরণে ছিটকে পড়া কাচে কয়েকজন পথচারীও আহত হয়েছেন।
মারাত্মক অগ্নিদগ্ধ হোটেলের চার কর্মচারীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শেখ মোহাম্মদ শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "এখানে গ্যাস লাইনের সমস্যা থাকতে পারে অথবা সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে পারে। আমাদের দুইজন কর্র্মকর্তা ভেতরে ঢুকে অনুসন্ধান চালাচ্ছেন। তারা বের হয়ে এলে বিস্তারিত জানা যাবে।"
তিনি জানান হোটেল ভবনটিকে তারা নিরাপদ বলে মনে করছেন না। এ কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ওই এলাকার ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ প্রথম দফা বিস্ফোরণের পর হোটেলের ছাদে আগুন জ্বলতে দেখেন। হোটেলের সাইনবোর্ডেও আগুন ধরে যায়। তিনি এরপর বাসায় চলে যান। পরে আবার বিকট শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে আসেন। আবদুল্লাহ বলেন, "এসে দেখি অনেক লোক আহত অবস্থায় পড়ে আছে। সবাই মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এলএইচ/জেকে/ডিডি/এমএইচবি/০২১১ ঘ.
bdnews24