২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষ

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর মধ্যে রোববার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-চাড়াবাড়ি-তোরাপগঞ্জ সড়কে যান বাহন চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

টাঙ্গাইল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীর মধ্যে রোববার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-চাড়াবাড়ি-তোরাপগঞ্জ সড়কে যান বাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে চার ছাত্র ও এলাকাবাসীদের একজন আহত হয়েছে। আহত ছাত্র সোহেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্ররা ক্যাম্পাস সংলগ্ন বাইরের একটি দোকান ভাঙচুর এবং দিনভর বিক্ষোভ মিছিল করেছে। ঘটনার পর ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিমুল হক জানান, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বৈঠকে সমঝোতার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বেলা ১২টার দিকে পৌর এলাকার দিঘুলিয়ার আজিমের (৩৫) সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সিরাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরপর আজিম ক্যাম্পাস গেটের সামনে শামসুলের দোকানে গিয়ে বসে। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ওই দোকানে গিয়ে হামলা চালায় এবং আজিমকে মারধর করে। এলাকাবাসীও পাল্টা ছাত্রদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১০১ ঘ.