বাগেরহাট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কনিকা রাণী হত্যা মামলায় তার স্বামী অজয় ডাকুয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন।
অজয় ডাকুয়া সদর উপজেলার আতাইকাঠি গ্রামের অতুল ডাকুয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।
এ মামালায় অভিযুক্ত বাকি নয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- অজয়ের ভাই সঞ্জয় ডাকুয়া, মা পুতুল রাণী ডাকুয়া, দিপু ডাকুয়া, শ্যামচরণ ডাকুয়া, তাপস ডাকুয়া, রবীন ডাকুয়া, বংশী হালদার, কালিপদ হালদার ও বিধান হালদার।
২০০৪ সালের ২১ মার্চ সদর উপজেলার আতাইকাঠি গ্রামের অজয় তার স্ত্রী কনিকা রাণীকে (২২) পার্শ্ববর্তী কচুয়া উপজেলার সানপুকুরিয়া গ্রামের তার (অজয়) মামার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। সেখানে অজয় পরিকল্পিতভাবে কনিকাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পাশের শ্রীধর চন্দ্র হালদারের পুকুরে লুকিয়ে রাখে। ঘটনার ৬ দিন পর ওই পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীধর চন্দ্র হালদার ২০০৪ সালের ২৭ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কচুয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আহাদ আলী তদন্ত শেষে নিহতের স্বামী অজয়কে প্রধান আসামি করে ২০০৪ সালের ২৭ ডিসেম্বর ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, অজয় বিয়ের পর থেকে স্ত্রী কনিকাকে যৌতুকের জন্য প্রায় শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের হাত থেকে রেহাই পেতে কনিকা স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক আইনে একটি মামলা করেন। এর জের ধরে অজয় তাকে হত্যা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলী (এপিপি) জালাল উদ্দিন মল্লিক ও গোলাম মোর্তুজা সোহেল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম বাচ্চু ও একে আজাদ ফিরোজ টিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24