২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা নীতির ব্যাপারে বিশেষজ্ঞদের ওপর বিশ্বাস রাখুন: তামিম

কয়লা নীতির বিষয়টি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিয়ে তাদের ওপর 'বিশ্বাস রাখার' আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 11:28 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা নীতির বিষয়টি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিয়ে তাদের ওপর 'বিশ্বাস রাখার' আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম।

শুক্রবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে 'এনার্জি সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট: পারসপেক্টিভ বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জ্বালানি চাহিদা মেটানোর জন্য আমাদের কয়লা সম্পদের উন্নয়ন করতে হবে। সবাইকে বলবো, বিষয়টি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিন। তাদের বিশ্বাস করুন। জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সব করা হবে। গত তিন দশকে আমাদের মধ্যে অবিশ্বাস গড়ে উঠেছে।"

তিনি জানান, খসড়া কয়লানীতি পর্যলোচনার কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। শিগরিরিই এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

অধ্যাপক তামিম বলেন, "খসড়া কয়লানীতি পর্যালোচনার কাজ মন্ত্রণালয় প্রায় শেষ করে এনেছে। এতে বড় ধরনের কোনও পরিবর্তন করা হয়নি। তবে কাঠামোগত পবির্তন এসেছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে এটি ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে। তারপর অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।"

তিনি জানান, বিদ্যুৎ খাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নীতি তৈরির কাজ শুরু হয়েছে। এ ধরনের প্রকল্পে সরকারের ৫১ ভাগ ও বেসরকারি উদ্যোক্তাদের ৪৯ ভাগ মালিকানা থাকবে।

সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন বলেন, "আমাদের যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তার চার ভাগের এক ভাগ উত্তোলন করলে এবং মজুদ গ্যাস ব্যবহার করে ২০৩০ সাল নাগাদ দেশে দৈনিক ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।"

তিনি বলেন, "আমাদের জ্বালানি নিরাপত্তাহীনতা নেই। আছে সরবরাহের সঙ্কট।"

ইজাজ হোসেন বলেন, "আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিনিয়োগ বাড়ানো উচিত। এছাড়া সরাসরি বিদ্যুৎ আমদানিও করা যেতে পারে। ত্রিপুরায় ৭৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আমরা ত্রিপুার থেকে বিদ্যুৎ কিনতে পারি।"

ফুলবাড়ি খনির কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের পক্ষে মত দিয়ে অধ্যাপক ইজাজ বলেন, "ভারতে ৮০ ভাগ খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে। তাছাড়া সাধারণভাবে ভূগর্ভস্থ পদ্ধতিতে মাত্র ২০ থেকে ৩০ ভাগ কয়লা উত্তোলন করা যায়।"

সেমিনারে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক বি ডি রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) পরিচালক ও বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান।

অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এম আমিনুল করিম, পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট কর্নেল মইন উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) ও বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/জিএনএ/১৭২২ ঘ.