চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বর্তমান সরকার মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাদের নানাভাবে হয়রানি করছে। এ কারণেই চট্টগ্রাম বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সম্মান খোয়ানোর ভয়ে বিদেশ থেকে দেশে ফিরছেন না।"
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে বিএনপি'র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকার বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি দাবি করেন, শীর্ষস্থানীয় চার নেতা দেশে না থাকলেও চট্টগ্রাম বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ ওয়ান-ইলেভেনের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সংস্কার প্রশ্নে চট্টগ্রাম বিএনপিতে ঢাকার মত কোন বিভক্তি নেই বলেও তিনি দাবি করেন।
দলে সংস্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম আকবর বলেন, "বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। দলের গঠনতন্ত্র মেনেই সংস্কার হবে। শুধু রাজনৈতিক দলের সংস্কার নয়, প্রশাসনসহ সর্বক্ষেত্রে সংস্কার করতে হবে।"
নির্বাচন অনুষ্ঠানে কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে মত জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচন কমিশনের বর্তমান কর্মকাণ্ডে যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।" তবে কোন কর্মকাণ্ড সে ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি।
তিনি কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহবান জানান।
নগরীর নাছিমন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে গোলাম আকবর বলেন, "খালেদা জিয়াসহ রাজনৈতিক দলের নেতাদের মুক্তি ছাড়া সংলাপ অর্থবহ হবে না।"
তিনি সংলাপকে ফলপ্রসূ করে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য মামলা প্রত্যাহার করে শীর্ষনেতাদের মুক্তি দেওয়ার দাবি জানান।
শনিবার সকাল দশটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- মিলাদ মাহফিল, আলোচনা সভা প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24