২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টিতে শুক্রবার থেকে রোড শো

সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গঠন, খাদ্য সমস্যা নিরসন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার রাজধানী থেকে শুরু হচ্ছে 'রোড শো'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গঠন, খাদ্য সমস্যা নিরসন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার রাজধানী থেকে শুরু হচ্ছে 'রোড শো'। 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে এ রোড শো'র যৌথ আয়োজক সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন। উদ্বোধনের পর ৫০ দিনে গাড়িবহরের ৫৫টি জেলা অতিক্রমের কথা রয়েছে। শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই রোড শো'র উদ্বোধন করবেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম। জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রোড শো কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক। তিনি বলেন, "দেশের বিভিন্নখাতের সম্ভাবনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনের পর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে গাড়িবহর পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে। এরপর তেঁতুলিয়া থেকে টেকনাফ হয়ে তা আবার ঢাকায় ফিরবে।" কৃষিমন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, আগামী ৫০ দিনে এ গাড়ি বহর দেশের ৫৫টি জেলা অতিক্রম করবে। এরমধ্যে ২৫টি জেলা শহরে গাড়ি থামবে এবং সেখানে মেলা আয়োজন করা হবে। মেলায় রোড শো'র পাঁচটি বিষয়ের ওপর তথ্য নিয়ে পাঁচটি গাড়ি সাজানো থাকবে। গাড়ির স্টলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও প্রদর্শনীও করা হবে। জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন জেলা শহরের স্কুল-কলেজে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী, সিএসডি'র ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হারুন উর রশীদ চৌধুরী, র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার এ কে আজাদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এডসাম ট্রেড সিন্ডিকেট-এর জনসংযোগ কর্মকর্তা সাদিয়া বেগম জানান, ঢাকা থেকে রোড শো শুরুর পর গাড়িবহর প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৪ জুলাই আবার ঢাকা ফিরবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৭৫৯ ঘ.