ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার, গাইবান্ধা ও সাতক্ষীরায় বুধবার চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, রাজনগর উপজেলার কর্নিগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- বড়লেখা উপজেলার কয়ছর মিয়ার স্ত্রী শেলী বেগম (৩০) এবং রাজনগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল খালিক (৫০)।
আহতদের মধ্যে বাংলাদেশ যুব ইউনিয়নের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া (৩০) ও নিহত শেলী বেগমের এক বছরের শিশু সন্তান রেদওয়ানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া রাজনগরের বাসিন্দা শাহানারা বেগম (৪৫), মুর্শেদ (৪), সাইদুল (১৪), সৈয়দ নানকার আলী (২৮), জাহানারা বেগম (৪৮), লালা মিয়া (৫০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মনিন্দ্র চৌধুরীকে (৭০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, ফেঞ্চুগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাসটি সকাল নয়টার দিকে ঘটনাস্থলে এসে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি উল্টে যায়। এতে শেলী বেগম ঘটনাস্থলেই মারা যান। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর আব্দুল খালিকের মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন- দিনাজপুর জেলার কাহারুল উপজেলার ফজলুল হকের ছেলে হান্নান মিয়া (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নবম শ্রেণীর ছাত্র রওশন আলম (১৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান রওশন।
এছাড়া দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের হিমাদ্রী নামক স্থানে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাস চালক হান্নান ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন পাঁচ জন।
আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস ও ট্রাকটি আটক করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত যাত্রী আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের ইউসুফ আলী সানার ছেলে ফারুক হোসেন (২৮)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, দুপুরে আশাশুনি থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বুধহাটা নামক স্থানে পৌঁছালে বাসের ছাদে বসা ফারুক গলায় বিদ্যুতের তার আটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আশাশুনি থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২১২৫ ঘ.
bdnews24