গাজীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর পৌরসভার ছোট দেওড়া এলাকার মো. আব্দুর রউফ (৩৭) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম রেজাউল করিম বুধবার এ রায় দেন।
দণ্ডিপ্রাপ্তরা হলেন- ছোট দেওড়া এলাকার মো. রফিজউদ্দিন (৫০) এবং তার দুই ছেলে ফিরোজ মিয়া (২৮) ও আলতাফ হোসেন (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৮ মে রাতে ছোট দেওড়া এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের ছুরিতে আব্দুর রউফ নিহত হন। পরদিন তার ভাই আবুুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফজলুল করিম এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, "রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। ঘাতকদের ফাঁসি আসা করেছিলাম আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০০৯ ঘ.
bdnews24