পিরোজপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যামামলায় ২২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
চরের জমি নিয়ে বিরোধের জের ধরে ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়র চর গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় বুধবার বিচারক মদিনা বেগম এ দণ্ডাদেশ দেন।
আদালত মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এর পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দিলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১২ আসামিকে খালাস দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- ১. নাছিরউদ্দিন , ২. আমির হোসেন, ৩. হারেস, ৪. আফজাল হোসেন, ৫. চান মিয়া, ৬. আ. কাদের, ৭. নাঈমুল হক, ৮. পান্না, ৯. মাইনুদ্দিন, ১০. হাবিব ফরাজী ১১. আফছার ফরাজী, ১২. মির্জা মজিবর রহমান, ১৩. রুস্তম আলী, ১৪. মোজাম্মেল, ১৫. ইদ্রিস, ১৬. আ. আজিজ, ১৭. নুরুল ইসলাম, ১৮. আ. মজিদ আকন, ১৯. মোজাম্মেল, ২০. সিদ্দিক, ২১. মোশাররফ ও ২২. ঝনু।
এদের সবার বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়র চর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, চরের জমিজমা নিয়ে সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষরা ১৯৯৪ সালের ৫ জুন গ্রামের কুড়িস্যাখাল এলাকায় আব্দুর রহমান, তার স্ত্রী ও সন্তানের ওপর হামলা চালায়। আসামিদের বল্লম ও সড়কির আঘাতে গুরুতর আহত রহমান দুই দিন পর মারা যান।
ওই ঘটনায় রহমানের স্ত্রী লাইলি বেগম বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। বিচার প্রক্রিয়া শেষে ১৩ বছরের বেশি সময় পর বুধবার মামলার রায় হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৩ ঘ.
bdnews24