চাঁপাইনবাবগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোমস্তাপুর উপজেলার রোহনপুরে মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে।
রোহনপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. শহীদুল্লাহ জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ৫৮২ ডাউন ট্রেনটি সকাল পৌনে ৭টায় রোহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই আধা কিলোমিটার দূরে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর রোহনপুর-রাজশাহী ও রোহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধার এবং রেল লাইন মেরামতের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ও রেলকর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।
শহীদুল্লাহ জানান, রাজশাহী পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল মতিন চৌধরী, মোহাম্মদ মোজাম্মেল ও অতিরিক্ত সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাত ১০ টার মধ্যে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। রাতেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24