নরসিংদী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেলাবো উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে পড়লে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
রাত ১০টার দিকে বেলাবোর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে হোটেলের ২ জন, রিকশাচালক ৩ জন এবং একজন ওই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নরসিংদীর পুলিশ সুপার সাহাবুদ্দিন খান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী 'এরাবিয়ান কোচ' রাত সোয়া ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণপুর এলাকার 'শাওন হোটেল'-এ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইবি/২৩২৩ ঘ.
bdnews24