ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পশ্চিমা লঘুচাপের প্রভাবে সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পুবালী লঘুচাপ।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও এবার স্বাভাবিক সময়েই বর্ষার বার্তাবাহী মৌসুমি বায়ুর আগমন ঘটবে। মৌসুমি বায়ু প্রবাহ সাধারণত জুনের ২/৩ তারিখের মধ্যে টেকনাফ উপকূল নাগাদ এসে পৌঁছে এবং সপ্তাহখানেকের মধ্যে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
সকাল সাড়ে ১১ টার পর আকাশ কালো করে রাজধানীতে বৃষ্টি ঝরতে শুরু করে। বিকাল নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ভোলায় ৮০ মিলিমিটার। এছাড়া সিলেটে ১২, শ্রীমঙ্গলে ৫৩, কুমিল্লায় ১০, চাঁদপুরে ১৫, ফরিদপুরে ১১, বরিশালে ১৫, পটুয়াখালীতে ১৮, চুয়াডাঙ্গায় ২০, ঈশ্বরদীতে ১৯ ও সৈয়দপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," পশ্চিমা লঘু চাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু প্রবাহ আসার আগে পূবালী ও পশ্চিমা লঘুচাপের মধ্যে ক্রিয়া -প্রতিক্রিয়ার কারণে বৃষ্টিপাত হয়। "
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমবেশি দেশের ৫০ থেকে ৬০ ভাগ এলাকাতেই বৃষ্টি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৪৬ঘ.
bdnews24