ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলাল অভিযোগ গঠনের শুনানি ১ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত।
সোমবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান,এ মামলার প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়া সম্ভব না।
এর আগে সকাল ১০টায় হাসিনাকে বিশেষ কারাগার থেকে বিশেষ জজ আদালত-২ এ হাজির করা হয়।
একই অভিযোগে অপর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আরেক আদালতে হাজির করার কথা থাকলেও তাকে হাজির করা হয়নি।
গত ২১ মে হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলা সংসদ ভবনের ২ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১০৩৬ ঘ.
bdnews24