বাগেরহাট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে তখনকার স্থানীয় মুসলিম লীগ নেতাসহ অজ্ঞাত ১০/১২ রাজাকার সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের আমিরোন নেছা। হাকিম আব্দুস সালাম খান অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করার জন্য মোরেলগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন- একই গ্রামের মোক্তার আলী খাঁর ছেলে আকরাম খাঁ।
আমিরোন নেছার অভিযোগ, তার বাবা সেকেন্দার আলী ব্যাপারী ও ওহাব নামের অপর এক ব্যক্তিকে অভিযুক্ত আকরাম ও তার সহযোগী অজ্ঞাত পরিচয় ১০/১২ জন রাজাকার সদস্য গুলি করে হত্যা করেছে।
অভিযোগে বলা হয়, নিহত সেকেন্দার আলী ব্যাপারী মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী ছিলেন। এ জন্য রাজাকাররা তাকে খুঁজছিল। ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাজাকারদের ভয়ে নৌকাযোগে পালাবার সময় পশ্চিম তেলিগাঁতি গ্রামে নদীর পাড়ে ফকির বাড়ির সামনে আকরাম খাঁ ও তার সহযোগী রাজাকাররা তাকে এবং ওহাব নামে তার এক সহযাত্রীকে নৌকা থেকে নামিয়ে গুলি করে হত্যা করে।
হত্যাকারীদের পরিচয় জানা সত্ত্বেও বাদী এতদিন ভয়ে মামলা করতে সাহস পাননি বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।
বর্তমানে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় বসবাসকারী আকরাম খাঁ এই হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তালুকদারের বিরুদ্ধে তার চিংড়ি ঘের দখল ও চাঁদা দাবির মামলা করায় তিনি ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যমূলকভাবে তাকে হেয় করতে নিজে এবং বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এ ধরনের মিথ্যা মামলা করাচ্ছেন।"
তবে শামছুল আলম তালুকদার তার এই অভিযোগ অস্বীকার করে বলেন, সেক্টর কমান্ডারস ফোরাম থেকে নির্দেশনা পেয়ে মুক্তিযোদ্ধা হিসাবে তিনি গত ১৩ মে আকরাম খাঁর বিরুদ্ধে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে একটি মামলা করেছেন।
স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধেএ ধরনের আরও কয়েকটি মামলা করবেন- এ কথা জানিয়ে তিনি বলেন, "আমি মামলা করায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখন মামলা করার সাহস পাচ্ছে যারা এতদিন রাজাকারদের ভয়ে চুপ করে ছিল।"
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সেকেণ্ড ইন কমাণ্ড শামছুল আলম তালুকদার গত ১৩ মে আকরাম খাঁসহ অপর এক ব্যাক্তির বিরুদ্ধে যুদ্ধের সময় শরণখোলার রায়েন্দা বাজারে মো. আলতাফ হোসেন শিকদার ও মো. টিপু সুলতান নামে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24