গাইবান্ধা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে গাইবান্ধায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারকৃত ১৩ জনকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে শহরের পৌর পার্ক চত্ত্বর থেকে মেহেদী হাসান পলাশ (২৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন একই সন্দেহে জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রাম থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার গাইবান্ধার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, আটক পলাশের বাড়ি সিরাজগঞ্জ জেলার সায়দাবাদ এলাকায়। আল্লাহর দলের সদস্য সন্দেহে শনিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সদর থানা পুলিশ তাকে আটক করে। তাকে সদর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
তিনি জানান, এর আগে গ্রেপ্তারকৃত ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামে সভা করার সময় আল্লাহর দলের কথিত আঞ্চলিক কমান্ডারসহ সন্দেহভাজন ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সংগঠনের চাঁদার রশিদ ও কাগজপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ওই সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24