সাভার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভার বাসস্ট্যান্ড এলাকার তৈরি পোশাক কারখানা 'ক্যানন গার্মেন্টস' এর শ্রমিকরা শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
কারখানাটি গত ৫ মে বন্ধ করে দেওয়া হয়। শনিবার বিকেলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানার সামনে অপেক্ষা করে বেতন না পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ তুলে নেওয়ার পর শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল এসে শ্রমিকদের শান্ত করেন। এরপর অধিকাংশ শ্রমিক স্থান ত্যাগ করেন। তবে ৬০ থেকে ৭০ জন শ্রমিক রাত ৯টার দিকেও কারখানার সামনে অবস্থান করছিলেন।
ক্যানন গার্মেন্টসের শ্রমিক মনির হোসেন, জুলেখা বেগম, হাসান, শহী, কবরী হোসেনসহ অনেকেই জানান, কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চালাতে লোকসানের সম্মুখীন হওয়ায় ৫ মে কারখানা বন্ধ ঘোষণা করে। কর্তৃপক্ষ শনিবার এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় বিকেলে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত বেতন নিয়ে কেউ আসায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। ১৫ মিনিটের মতো অবরোধ স্থায়ী ছিল বলে জানান তিনি।"
তিনি জানান, কারখানার জেনারেল ম্যানেজার সফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কারখানায় মালিকপক্ষের কেউ ছিলেন।
কারখানার হিসাবরক্ষক সুমন রহমান বলেন, "আগামী ৩, ৭, ১০ ও ১২ জুন পর্যায়ক্রমে শ্রমিকদের বকেয়া এক মাসের বেতন পরিশোধ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24