২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের ৭ প্রকৌশলীর ঘুষ নেওয়ার প্রমাণ পায়নি দুদক

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাত প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে ঘুষ লেনদনের অভিযোগের প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। এ কারণে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাত প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে ঘুষ লেনদনের অভিযোগের প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। এ কারণে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অবশ্য গত ২৪ মার্চ মামলাটির বাদী মেহবুব কবির আদালতে হলফনামা দিয়ে বলেছিলেন, তিনি কাউকে ঘুষ দেননি। তাকে মামলার এজাহারে সই করতে বাধ্য করা হয়েছিল। গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর সাত মসজিদ রোডের পিৎসা কর্নার নামে একটি ফার্স্ট ফুডের দোকান থেকে ১৩ লাখ ৯৯ হাজার টাকাসহ ওই আট জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। পরদিন ধানমণ্ডি থানায় এ ব্যাপারে একটি মামলা করেন গুলশানের ব্যবসায়ী মো. মেহবুব কবির। মামলার আট আসামি হলেন- সওজের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্লক ম্যানেজমেন্ট) মমিনুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা) রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যমুনা সেতু) আব্দুল্লা হেল কাফি, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম মাইনুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার পাল ও প্রকল্প সমন্বয়কারী মমতাজউদ্দীন। এজাহারে বলা হয়, মেহবুব কবির এশিয়ান ট্রাফিক টেকনোলজি লিমিটেডের পরিচালক হিসেবে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়ক ও সেতুর টোল আদায় করে আসছিলেন। আসামিরা রূপসা সেতুর টোল আদায়ে গুরুতর অনিয়মের কথা বলে ভয় দেখিয়ে মেহবুব কবিরের কাছ থেকে ঘুষ দাবি করে। ৯ জানুয়ারি রাতে ধানমন্ডির পিৎসা কর্নারে 'ঘুষ লেনদেনের সময়' ১৩ লাখ ৯৯ হাজার নগদ টাকাসহ আট আসামিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে টাকার বাণ্ডিলসহ গ্রেপ্তারকৃকতদের ছবি প্রকাশ করা হয়। এরপর গত ২৪ মার্চ বাদী মেহবুব কবির আদালতে হলফনামা দিয়ে বলেন, ১৩ লাখ ৯৯ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সত্যি নয়। একটি লিখিত এজাহারে তাকে সই করতে বাধ্য করা হয়েছে বলেও হলফনামায় দাবি করেন তিনি। তবে এজাহারে সই করতে কারা তাকে বাধ্য করেছে সে সম্পর্কে হলফনামায় কিছু বলা হয়নি। আসামিদের সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২২৫২ ঘ.