২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনকে নিয়মিত আপিল করতে বলেছে পূর্ণাঙ্গ বেঞ্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে নুরুল ইসলাম সুজনের ওপর নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতের ব্যাপারে পরাজিত প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে নিয়মিত আপিল করতে বলেছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদে নুরুল ইসলাম সুজনের ওপর নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতের ব্যাপারে পরাজিত প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে নিয়মিত আপিল করতে বলেছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শেষে সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরদিন আবার ভোট গণনা করে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সহকারী জজ ইফতেখার আহমেদ গত ১২ মে এক আদেশে সুজনকে ২৫ মে পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন। সুজনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে হাইকোর্ট নিম্ন আদালতের এ আদেশ স্থগিত করে দেয়। পাশাপাশি সুজনের দায়িত্ব গ্রহণের ওপর নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ কেন বাতিল করা হবে না মামুনের কাছে তার কারণ জানতে চায় হাইকোর্ট। ব্যারিস্টার মামুন গত ২০ মে হাইকোর্টের এ আদেশ স্থগিতের জন্য আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। বৃহস্পতিবার এ আবেদনের ওপরই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২০০৮ ঘ.