২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে: হাইকোর্ট

জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে নির্বাচন কমিশন সংবিধান লংঘন করেছে বলে রায় দিয়েছে হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে নির্বাচন না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে নির্বাচন কমিশন সংবিধান লংঘন করেছে বলে রায় দিয়েছে হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে নির্বাচন না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যৌক্তিক বলে অভিমত দিয়েছেন। (বিস্তারিত আসছে) তবে আদালত রায়ে বলেন, "সংবিধানের কোথাও প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়নি। সংবিধান প্রণেতারা তাদের প্রজ্ঞা দিয়ে এই ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়েছিলেন। সংবিধানের বাধ্যতামূলক বিধানগুলো নির্বাচন কমিশন পালন করেনি। তারা সংবিধান লংঘন করেছেন। দেশের সংবিধান বারবার লংঘনের জন্য আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।" আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে, রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়টি গ্রহণ করা ছাড়া আদালতের সামনে কোন বিকল্প নেই। আদালত রায়ে আরও বলেছেন, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক। এই বিধান লংঘন করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ৯০ দিনের মধ্যে নির্বাচন না করায় একটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করতে থাকবে নির্বাচন কমিশনের এমন মনে করার কোন কারণ নেই। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, সংবিধানের উল্লিখিত অনুচ্ছেদের ৯০ দিনের মেয়াদ বাড়ানোর কোন ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। নির্বাচন সংক্রান্ত সংবিধানের বিধান মানা নির্বাচন কমিশনের জন্য বাধ্যতামূলক। যদি অন্য কোন বিধান না থাকে তাহলে সংবিধানের বিধানগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর। এজন্য অন্য কোন আইনের দরকার হয় না। পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন কমিশন নির্বাচনের তফশিল ঘোষণা করবে। দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন নিজেই স্বাধীন নয়। আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ ঘোষণা করেছেন। সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাদা করা উচিত। আদালত রায়ে বলেন, সংবিধানের কোথাও প্রধান উপদেষ্টাকে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়নি। আদালত আরও বলেছেন, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি শক্তভাবেই দেখা উচিত। ৯০ দিনের মধ্যে নির্বাচন না করতে পেরে সংবিধান লঙ্ঘন হয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদ তুলে ধরে আদালত বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সংবিধানের শ্রেষ্ঠত্বই একথা প্রমাণ করে। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল নিদিষ্ট সময়ে নির্বাচন করা যাতে জনপ্রতিনিধিরা দেশ চালাতে পারেন। আর তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। কিন্তু এমন কোন কিছু করা হয়নি। সংবিধান প্রণেতারা তাদের প্রজ্ঞা দিয়ে এই ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়েছিলেন। আদালত বলেন, সংবিধানের বাধ্যতামূলক বিধানগুলো নির্বাচন কমিশন পালন করেনি। তারা সংবিধান লঙ্ঘন করেছেন। দেশের সংবিধান বারবার লঙ্ঘনের জন্য আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রিটকারীর প্রতিক্রিয়া রায়ের প্রতিক্রিয়ার রিটকারী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান সাংবাদিকদের বলেন, ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন নির্বাচন করতে বিলম্ব করেছে। তারা তথাকথিত রোডম্যাপ অনুযায়ী চলছে। এমন ধীরগতিতে চলছিল যাতে বলতে পারে ডিসেম্বরের আগে নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব নয়। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শেষ করতে পারত। তিনি আরও বলেন, হাইকোর্ট রায়ে বলেছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন না করা অবৈধ হয়েছে। ডিসেম্বরের আগে নির্বাচন করা আদালতের রায় দিয়েও সম্ভব হতো না। এ রায়ের পরে নির্বাচন কমিশনের সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগ করা। অথবা আপিল বিভাগের অনুমতি নিয়ে জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মতো ক্ষমতা ধরে রাখা। নির্বাচন কমিশনের কৌসুলী ড. শাহদীন মালিক প্রতিক্রিয়ায় বলেন, আদালত মন্তব্য করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যৌক্তিক। ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার সংবিধানের বিধান মানা বাধ্যতামূলক। পরবর্তী সংসদ নির্বাচন কমিশনের ৯০ দিনের মধ্যে নির্বাচন না করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আদালতের পর্যবেক্ষণের মূল কথা হচ্ছে গণতন্ত্র। আর নির্বাচনের মাধ্যমেই মানুষের মতের প্রতিফলন ঘটে। আদালত বলেছেন, বিভিন্ন পরিস্থিতির আলোকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা অযৌক্তিক নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে রিটটি শেষ হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 'যুক্তিসঙ্গত সময়ের' মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দায়ের করা এ জনস্বার্থ রিটের ওপর গত ৭ মে শুনানি গ্রহণ শেষ করেছিল হাইকোর্টের এই বেঞ্চ। গত ৩০ এপ্রিল হাইকোর্ট জাতীয় সংসদ নির্বাচন কবে করতে পারবে তা সুনির্দিষ্টভাবে জানানোর জন্য নির্বাচন কমিশনকে মৌখিক নির্দেশ দিয়েছিল। গত ৬ মে নির্বাচন কমিশন জবাবে বলেছিল, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অক্টোবরে চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হবে। গত ২৭ জানুয়ারি ব্যারিস্টার সোবহানের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনটির পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবেনা তা জানতে চেয়ে হাইকোর্ট রুলনিশি জারি করেছিল। পাশাপাশি গত জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবেনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে আদালত তারও কারণ জানতে চেয়েছিল। গত ২৪ জানুয়ারি ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৬৩২ঘ.