ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- সরকারের সঙ্গে সংলাপে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন।
আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আবদুল জলিল যাতে সংলাপে অংশ নিতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন তিনি। মেনন জানান, ওয়ার্কার্স পার্টি কোনো জাতীয় সনদে স্বাক্ষর করবে না।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংলাপ শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মেনন। (আরো তথ্যসহ)
অন্যতম প্রধান বামপন্থী দল ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বহুল প্রত্যাশিত সংলাপ বৃহস্পতিবার সকালে শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংলাপ সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টায় শেষ হয়।
সংলাপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন- যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সংলাপে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, আনিসুর রহমান মল্লিক, ফজলে হোসেন বাদশা, হাজেরা সুলতানা ও কামরুল আহসান।
সংলাপ শেষে ওয়ার্কার্স পার্টির পক্ষে দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সরকারের পক্ষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেন।
উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "খুব খোলামেলা আলোচনা হয়েছে।"
শেখ হাসিনা ও জলিলের সংলাপে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, "সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, সংলাপে সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য যা যা প্রয়োজন তা হবে। সরকার মনে করছে সকল দলের অংশগ্রহণেই সংলাপ অর্থবহ ও কার্যকর হবে।"
তবে শেখ হাসিনা ও জলিলের সংলাপে অংশগ্রহণের প্রস্তাবের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান কোনো কথা বলেননি।
রাশেদ খান মেনন বলেন, "সরকারকে আমরা জানিয়েছি নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে মৌলিক গণতান্ত্রিক অধিকার বলবৎ করতে হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দিতে হবে। সব শ্রেণী ও পেশা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রকার নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ বন্ধ করতে হবে।"
জাতীয় সংসদের নির্বাচনের পরই স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচন করার দাবি জানান ওয়ার্কার্স পার্টি।
এ প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেন, "জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো কাজ করার চিন্তা সরকারের নেই।
ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন বলেন, সংলাপে তারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবুন্যাল গঠন ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধানকে কার্যকর করা এবং নির্বাচনী এলাকা পুনর্র্নিধারণ করার কাজ বর্তমান সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয় নি।
প্রধান উপদেষ্টার জাতীয় সনদ তৈরি প্রসঙ্গে রাশেদ খান বলেন, জাতীয় ঐকমত্যকে নৈতিক বাধ্যবাধকতা ও স্থায়িত্ব দেওয়ার প্রয়োজনে একটি জাতীয় সনদ তৈরির প্রস্তাব অবান্তর ও উদ্দেশ্য প্রণোদিত। তত্ত্বাবধায়ক সরকার অথবা অনির্বাচিত কোনো সরকারের এ ধরনের জাতীয় সনদ প্রণয়নের এখতিয়ার নেই।
তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছি 'ওয়ার্কার্স পার্টি সে ধরনের কোনো জাতীয় সনদে স্বাক্ষর করবে না'।
জাতীয় সনদ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "এটা একটা রাজনৈতিক সমঝোতা এবং ঐক্য প্রক্রিয়া। এটা একটা মোরাল ফোর্স হিসেবে কাজ করবে। এটা সাংবিধানিক বা আইনগত কোনো বাধ্যবাধকতার বিষয় নয়। এটা অনুঘটকের ভূমিকা রাখবে।"
কোনো ধরনের অস্পষ্টতা বা ধরনের সংশয় থাকলে আগে বললে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।
নারী উন্নয়ন নীতি প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টি নেতা বলেন, "মোল্লাতন্ত্রের আপত্তির কারণে নারী উন্নয়ন নীতি থেকে সরকারকে পিছিয়ে আসা চলবে না। ওই নীতি বাস্তবায়নে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"
তিনি বলেন, পার্বত্য তিন জেলা ও আদিবাসীদের জাতীয় রাজনীতির মূলধারায় অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করতে জাতীয় সংলাপে তাদের অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া দরকার।
জাতীয় সংলাপকে সফল করতে তথাকথিত সুশীল সমাজ কেবল নয় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, নারী, সাংবাদিক, আইনজীবী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণ করা প্রয়োজন বলে রাশেদ খান মেনন মন্তব্য করেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "সমান্তরালভাবে আরো একটি সংলাপের আয়োজন করার পরিকল্পনা সরকারের রয়েছে।"
প্রধান উপদেষ্টা প্রায় ঘণ্টাখানেক তাদের বিভিন্ন প্রস্তাব শুনে প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। সংলাপের মাঝে চা বিরতির সময় প্রধান উপদেষ্টা চলে যান। পরে সংলাপে উপস্থিত চার উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির নেতাদের কথা শুনেন।
ওয়ার্কার্স পার্টির ব্রিফিং শেষে সংলাপের বিষয় নিয়ে সরকার পক্ষে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "খোলামেলা এবং সুস্পষ্টভাবে নানা বিষয় আলোচনায় এসেছে। একটা অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এ সংলাপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।"
তিনি বলেন, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
উপদেষ্টা বলেন, বর্তমান সংলাপ সফল হবে কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কা করছে। তবে অতীতে বিভিন্ন সমস্যায় জাতীয় প্রয়োজনে রাজনৈতিক দলগুলো এগিয়ে এসেছে। আশা করছি এবার আমরা সফল হবো। সংলাপ যাতে কার্যকর হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জরুরি অবস্থা, রাজনৈতিক দল ও নির্বাচনী সংস্কারসহ বিভিন্ন বিষয় সংলাপে আলোচিত হবে। প্রধান দুই দলের অংশগ্রহণের ব্যাপারে এখনো অনিশ্চয়তা থেকে গেলেও সংলাপ নিয়ে দেশের জনগণ ও পর্যবেক্ষকসহ সকল মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় সংলাপ শুরু হবে বিকেল ৪টায় বিকল্পধারার সঙ্গে। বিকল্প ধারার নেতৃত্ব দেবেন দলের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রতিনিধিদলে থাকবেন মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ হালিম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরী, অধ্যক্ষ আবদুর রশিদ ও কার্তিক ঠাকুর।
বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোববার বিকেল ৩টায় জাসদ (ইনু), সোমবার সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
প্রাক-সংলাপ
সরকারের পাঁচ উপদেষ্টা গত ৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে প্রাক-সংলাপে বসেন। ২২ দিনে তারা বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন।
রাজধানীর রেলভবনে প্রথম বৈঠকটি হয় আওয়ামী লীগের সঙ্গে। ২৮ এপ্রিল বিএনপির দেলোয়ারপন্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-সংলাপ শেষ হয়। এ মাসের প্রথম সপ্তাহে উপদেষ্টারা সুপারিশ আকারে প্রাক-সংলাপের প্রতিবেদন পেশ করেন উপদেষ্টা পরিষদে।
গত ১২ মে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সংলাপের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐতিহাসিক এ সংলাপে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমএআর/এসকে/এমএ/১৫০২ঘ.
bdnews24