২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক তাহের হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, সালেহী খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 07:23 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

রাজশাহী, মে ২২ (টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমদ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। (আরো তথ্যসহ-১) অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাত্রশিবিরের রাবি শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী ও তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের বাবা আজিমুদ্দিন মুন্সিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এ রায় দেন। বহুল আলোচিত এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিন, ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, তার ভাই সাবেক শিবির কর্মী আব্দুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল। আসামিদের মধ্যে মো. মহিউদ্দিন ও আজিমুদ্দিন মুন্সি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। ছাত্রশিবির নেতা সালেহীসহ অপর চারজন কারাগারে আছেন। ২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি রাবি ক্যাম্পাসে ড. তাহেরের বাসার পেছনের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার ছেলে সানজিদ আহমেদ বাদি হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বৃহস্পতিবার মামলার রায়ের দিন নির্ধারণ করে। রায়ে বলা হয়, মিয়া মো. মহিউদ্দিনের পদোন্নতি নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ড. তাহের বিভাগের সবচেয়ে প্রবীণ শিক্ষক এবং মিয়া মহিউদ্দিনের পদোন্নতি বিষয়ক বিভাগীয় প্ল্যানিং কমিটির সবচেয়ে প্রবীণ সদস্য ছিলেন। ২০০৬ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় উপস্থিত থাকলে তিনি মহিউদ্দিনের গবেষণা জলিয়াতির বিষয়টি উপস্থাপন করতেন এবং তার পদোন্নতি বহুদিন পিছিয়ে যেত। মুহিউদ্দিনকে পদোন্নতি দেওয়ার ব্যাপারে তার এবং বিভাগীয় প্লানিং কমিটির অমত ছিল। এ কারণেই ড. তাহেরকে হত্যা করা হয়। ২৮ জানুয়ারির সভাটি পিছিয়ে ৩ ফেব্র"য়ারি ধার্য করা হয়েছিল। সভায় যোগ দিতে ১ ফেব্র"য়ারি ড. তাহের ঢাকা থেকে রাবি ক্যাম্পাসের পশ্চিম পাড়ায় বাসায় আসেন। রায়ে আরও বলা হয়, পুলিশের অভিযোগপত্রে বালিশ চাপা দিয়ে হত্যাকাণ্ড ঘটানোর কথা বলা হলেও মেডিকেল রিপোর্টে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যার ঘটনা প্রমাণিত না হওয়ায় সালেহীকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে আজিমুদ্দিনের সংশ্লিষ্ট থাকার কোনো প্রমাণ না মেলায় তাদের বেকসুর খালাস দেওয়া হল। রায় দেওয়ার পর ড. তাহেরের ছেলে সানজিদ আলভী হিমেল সাংবাদিকদের বলেন, "রায়ে আশ্বস্ত হয়েছি তবে মামলার মূল একজন আসামি খালাস পাওয়ায় আমরা উদ্বিগ্ন।" আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০০৭ সালের ১৮ মার্চ মিয়া মহিউদ্দিন, মাহবুবুল আলম সালেহী, জাহাঙ্গীর, ছালাম, আজিমউদ্দিন ও নাজমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আচানুল কবীর। অভিযোগপত্রে জামায়াত ইসলামী সমর্থক শিক্ষক মিয়া মহিউদ্দিন ও ছাত্রশিবির নেতা সালেহীকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়। এতে বলা হয়, মহিউদ্দিন ও মাহবুবুল আলম সালেহী- এ দুজন মিলে ড. তাহেরকে হত্যার পরিকল্পনা করে। ২০০৬ সালের ১ ফেব্র"য়ারি রাতে ড. তাহেরের কক্ষে ঢুকে তার মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর। এরপর সংজ্ঞাহীন ড. তাহেরকে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরের কক্ষে। সেখানে সবাই মিলে মুখে বালিশ চাপা দিয়ে ড. তাহেরকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় ড. তাহেরের হাত ধরে রাখে সালেহী এবং সে আর জাহাঙ্গীর মিলে ড. তাহেরের মুখে বালিশ চাপা দেয়। নাজমুল ও সালাম দুই পা ধরে ধরে রাখে। মারা গেছেন কিনা, তা নিশ্চিত হতে ড. তাহেরের বুকে কান পেতে ভালোভাবে পর্যবেক্ষণ করেন মহিউদ্দিন। আর হত্যাকাণ্ডের পর আজিমুদ্দিন ব্যবহৃত ছুরিটি লুকিয়ে রাখেন। হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ তাহেরের লাশ উদ্ধার করে। জাহাঙ্গীরকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় অন্য আসামিদের। আদালতে দেওয়া জাহাঙ্গীর জবানবন্দিতে সালেহীর নাম উল্লেখ থাকলেও ওই সময়ে ক্ষমতাসীন জোট সরকারের চাপে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয় সালেহী। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তিনি বেশ কিছুদিন পালিয়ে থাকলেও পরে আদালতে আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় অভিযুক্তদের সনাক্ত করে অভিযোগপত্র দাখিলের অপেক্ষায় থাকে পুলিশ। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের অনুমতি না মেলায় অভিযোগপত্র দাখিল প্রায় ৯ মাস ধরে ঝুলে থাকে। ২০০৭ সালের ১৮ মার্চ অভিযোগপত্র দাখিলের পর ওই বছরের ১১ জুন আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ৩ জুলাই শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এ মামলায় মোট সাক্ষী ছিলেন ৬০ জন। আদালতে জনতার ভিড় আলোচিত এ মামলার রায় শোনার জন্য সকাল থেকেই আদালত চত্ত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারি এবং উৎসুক জনতা ভিড় করতে থাকেন। আদালত প্রাঙ্গনে শিবির কর্মিরাও ভিড় করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন মহলে মামলার রায় কী হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ও আদালত চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সরকারি আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, উপর মহলের চাপে আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/এসকে/এমএ/এমএসবি/১৮৪২ঘ.