২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামে বুধবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। আর গণপিটুনি নিয়ে গ্রামবাসী ও এক বাজারের প্রহরীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

নড়াইল, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামে বুধবার ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। আর গণপিটুনি নিয়ে গ্রামবাসী ও এক বাজারের প্রহরীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে একদল ডাকাত যশোরের নওয়াপাড়া বাজারের জয়েন্ট ট্রেডার্সের গুদামে ডাকাতি করে ভৈরব নদী দিয়ে ট্রলার যোগে পালিয়ে যাচ্ছিল। ওই সময় বাজারের প্রহরী ও গুদামের কর্মচারীরা আরেকটি ট্রলার নিয়ে ডাকাতদের ধাওয়া করে। ভোরের দিকে ডাকাত দল তাদের ট্রলার নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের শেখপাড়া ঘাটে ভিড়িয়ে পালাতে থাকে। তখন প্রহরীদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। এরপরই গণপিটুনিতে এক জন নিহত এবং অপর চার জন আহত হন। নিহত ব্যক্তির নাম সমর বিশ্বাস (২২)। তার বাড়ি দেবভোগ গ্রামে। তিনি প্রহরীদের পিটুনিতে নিহত হয়েছেন বলে গ্রামবাসী দাবি করছে। আহতরা হলেন, গুদামের কর্মচারী নজরুল ইসলাম (২৬), ওয়াসিম উদ্দিন (২৫), সাইফুল ইসলাম (৩৫) ও মফিজুর রহমান। এদের মধ্যে প্রথম তিন জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল হাসপাতালে চিকিৎসাধীনরা বলছেন, ডাকাত মনে করে গ্রামবাসীরা তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা শেখপাড়া ঘাটে ট্রলার ভিড়িয়ে ভিড়িয়ে পালিয়ে যায়। ওই সময় অপর ট্রলারে বাজারের প্রহরীদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। সমর বিশ্বাসও ডাকাতদের ধাওয়া করেন। কিন্তু ডাকাতদের ধরতে না পেরে ফিরে আসার পথে বাজারের প্রহরীরা ডাকাত মনে করে পিটিয়ে তাকে হত্যা করে।" হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখপাড়া ঘাটে নেমে ডাকাতদের ধাওয়া করতে গেলে গ্রামবাসী উল্টো আমাদের ওপর হামলা চালায়।" নওয়াপাড়া জয়েন্ট ট্রেডিংয়ের সুপারভাইজার মনির হোসেন দাবি করেন, দেবভোগ এলাকার লোকজন ডাকাত মনে করে তার প্রতিষ্ঠান ও বাজারের প্রহরীদের পিটিয়ে আহত করে। ডাকাতি ও গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত সমর বিশ্বাসের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ওই ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান। এরা হলো, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামের সোহেল শেখ (২২), খুলনার ফুলতলা উপজেলার দামুদর গ্রামের আবুল হোসেন গাজী (৩২), একই উপজেলার ভূইয়াপাড়ার হুমায়ন রশীদ শান্ত (২৫), খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের টিপু মুন্সি (৩৮)। এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.