২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার চায় যুক্তরাষ্ট্র: এরিকা বার্কস-রাগলস

জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এরিকা বার্কস-রাগলস ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ চার সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরিকা বার্কস-রাগলস বলেন, "গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি অবস্থা সহায়ক হবে না। আমরা আশাকরি নির্বাচনের সময় তা থাকবে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে।" বেঠকে ভোটার নিবন্ধন, ভোটার তালিকা কার্যক্রম ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে এরিকা বার্কস-রাগলস বলেন, "ভোটার তালিকা প্রণয়নের অগ্রগতি জেনে আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি পুরো নির্বাচন প্রক্রিয়াটি হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এজন্য গণমাধ্যম, সুশীল সমাজ ও অন্যদের অংশগ্রহণ জরুরি।" তিনি জানান, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমএ/১৭১০ ঘ.