কিশোরগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সতরদরিয়া গ্রামের মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিএসএম ফরিদ বুধবার এ দণ্ডাদেশ দেন। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামির তিন লাখ টাকা জরিমানা করেছে। অনাদায়ে আসামিকে আরও তিন বছর কারাভোগ করতে হবে।
এছাড়া ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুপুত্রকে পরবর্তী ২১ বছর পর্যন্ত ভরণ-পোষণ ও সম্পত্তির উত্তরাধিকার দেওয়ার জন্যও মানিক মিয়াকে নির্দেশ দিয়েছে আদালত।
মানিক মিয়া (৩০) বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৯ মার্চ মানিক মিয়া তার গ্রামের এক বোবা তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতর মা বাদি হয়ে আদালতে মামলা করেন। এদিকে ওই তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়ে এবং একটি পুত্র সন্তানের জন্ম দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০১ ঘ.
bdnews24