ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোনালী ব্যাংকের সিবিএ নেতা বি এম বাকির হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
বুধবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন।
বাকিরকে সহযোগিতা করায় তার স্ত্রী নাজমা হোসেনকেও তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা দিতে ব্যর্থ হলে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি এ দম্পতির অবৈধভাবে অর্জিত সব সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকির হোসেনকে দুইটি ধারায় দেওয়া সাজার মধ্যে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুইটি ধারায় সাজা একইসঙ্গে শুরু হবে বলে কার্যত তাকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।
বাকির হোসেন কারাগারে আটক থাকলেও তার স্ত্রী 'পলাতক' রয়েছেন।
গত ৩০ মে কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মতিঝিল থানায় বি এম বাকির হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন।
এতে অভিযোগ আনা হয়, বাকির ক্ষমতার অপব্যাবহার করে অবৈধভাবে ১ কোটি ৫১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপন করেছেন। বাকিরের এই কাজে সহযোগীতা করেছেন তার স্ত্রী নাজমা হোসেন।
৭ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক জীবন কৃষ্ণ রায় ওই মামলায় বাকির হোসেন ও তার স্ত্রী নাজমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
গত বছরের ১৭ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৪ ডিসেম্বর থেকে।
গত বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে বাকিরের নামও ছিল। এদেরকে ৭২ ঘন্টার মধ্যে নিজের ও পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়।
বাকিরের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা আরেকটি মামলার বিচার কাজ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমএ/১৫৩৩ ঘ.
bdnews24