রাজশাহী, মে ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমদ হত্যা মামলায় রায়ের দিন নির্ধারিত রয়েছে বৃহস্পতিবার।
রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক এটিএম মেসবাউদ্দৌলা এ মামলার রায় দেবেন।
বহুল আলোচিত এ মামলার আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিন, ছাত্রশিবিরের রাবি শাখার সাবেক সভাপতি মাহবুবুল আলম সালেহী, ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দিন মুন্সি, ভাই সাবেক শিবির কর্মী আব্দুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল।
আসামিদের মধ্যে মো. মহিউদ্দিন ও আজিমুদ্দিন মুন্সি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। ছাত্রশিবির নেতা সালেহীসহ অপর চার জন কারাগারে।
চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ মামলার রায়ের দিন নির্ধারণ করে।
২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি রাবি ক্যাম্পাসে ড. তাহেরের বাসার পেছনের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার ছেলে সানজিদ আহমেদ বাদি হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের এক বছর পর ২০০৭ সালের ১৮ মার্চ মিয়া মহিউদ্দিন, মাহবুবুল আলম সালেহী, জাহাঙ্গীর, ছালাম, আজিমউদ্দিন ও নাজমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আচানুল কবীর।
অভিযোগপত্রে জামায়াত ইসলামী সমর্থক শিক্ষক মিয়া মহিউদ্দিন ও ছাত্রশিবির নেতা সালেহীকে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়।
এতে বলা হয়, মহিউদ্দিন ও মাহবুবুল আলম সালেহী- এ দুজন মিলে ড. তাহেরকে হত্যার পরিকল্পনা করে। ২০০৬ সালের ১ ফেব্র"য়ারি রাতে ড. তাহেরের কক্ষে ঢুকে তার মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করে করে জাহাঙ্গীর। এরপর সংজ্ঞাহীন ড. তাহেরকে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরের কক্ষে। সেখানে সবাই মিলে মুখে বালিশ চাপা দিয়ে ড. তাহেরকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় ড. তাহেরের হাত ধরে রাখে সালেহী এবং সে আর জাহাঙ্গীর মিলে ড. তাহেরের মুখে বালিশ চাপা দেয়। নাজমুল ও সালাম দুই পা ধরে ধরে রাখে। মারা গেছেন কিনা, তা নিশ্চিত হতে ড. তাহেরের বুকে কান পেতে ভালোভাবে পর্যবেক্ষণ করেন মহিউদ্দিন। আর হত্যাকাণ্ডের পর আজিমুদ্দিন ব্যবহৃত ছুরিটি লুকিয়ে রাখে।
হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ তাহেরের লাশ উদ্ধার করে। জাহাঙ্গীরকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় অন্য আসামিদের।
আদালতে দেওয়া জাহাঙ্গীর জবানবন্দিতে সালেহীর নাম উল্লেখ থাকলেও ওই সময়ে ক্ষমতাসীন জোট সরকারের চাপে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয় সালেহী। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তিনি বেশ কিছুদিন পালিয়ে থাকলেও পরে আদালতে আত্মসমর্পণ করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় অভিযুক্তদের সনাক্ত করে অভিযোগপত্র দাখিলের অপেক্ষায় থাকে পুলিশ। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের অনুমতি না মেলায় অভিযোগপত্র দাখিল প্রায় ৯ মাস ধরে ঝুলে থাকে।
২০০৭ সালের ১৮ মার্চ অভিযোগপত্র দাখিলের পর ওই বছরের ১১ জুন আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ৩ জুলাই শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এ মামলায় মোট সাক্ষী ছিলেন ৬০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24