২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় তিনটি পাটকলে কর্মবিরতি

বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, জুবিলী ও স্টার জুট মিলের শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা পূর্ব ঘোষিত এই কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকরা মিলগেটে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

খুলনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, জুবিলী ও স্টার জুট মিলের শ্রমিকরা মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা পূর্ব ঘোষিত এই কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকরা মিলগেটে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। বকেয়া পরিশোধ ছাড়াও শ্রমিকদের আট দাবির আরও কয়েকটি হলো- বদলী কার্ড ফেরত এবং মহার্ঘ্য ভাতা দেওয়া। বিজেএমসির খুলনা আঞ্চলিক লিয়াঁজো কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, তিনটি মিলের সাড়ে সাত থেকে আট হাজার শ্রমিক আট দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে। ফলে তিনটি মিলে উৎপাদন বন্ধ ছিল। বিজেএমসির পরিচালক আহসান জাকির ঢাকা থেকে এসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনার আঞ্চলিক কার্যালয়ে মিলের প্রকল্প প্রধান, শ্রমিক নেতা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানানো হলেও শ্রমিক নেতারা এতে রাজি হননি। বৈঠকে আহসান জাকির শ্রমিকদের উদ্দেশে বলেন, "কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদান না করলে মিল লে অফের মত কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।" শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পাট উপদেষ্টার সঙ্গে তিনি আলোচনা করবেন বলে বৈঠকে জানান। ১৭ মে এই তিন পাটকলের শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধ, বদলী কার্ড ফেরত এবং মহার্ঘ্য ভাতা প্রদানসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১২০ ঘ.